সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ কয়েকজন সাবেক উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে এই নোটিশ পাঠান।
নোটিশে অভিযোগ করা হয়েছে, হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট কিছু সিদ্ধান্তের কারণে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। এতে বহু শিশু আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়।
এই প্রেক্ষাপটে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
যাদের বিরুদ্ধে এ দাবি তোলা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দ রেজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী ও মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও কয়েকজন। এছাড়া সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের নামও উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, জনস্বার্থে এই ঘটনার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা প্রয়োজন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।