চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা এলাকায় গ্যাস্ট্রিক ও এলার্জির ওষুধ ভেবে ভুল করে কীটনাশক সেবনের ফলে তানজিল খাঁ (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একলাছপুর ইউনিয়নের দক্ষিণ নেদামদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানজিল খাঁ মৃত মোতালেব খাঁয়ের ছেলে। তিনি নতুনবাজারের একটি রেস্টুরেন্টে কাজ করতেন।
স্বজনদের বরাতে জানা যায়, ঘরের চালের ড্রামের ওপর অন্যান্য ওষুধের সঙ্গে কীটনাশক (কেরির ট্যাবলেট) রাখা ছিল। তানজিল সেটিকে সাধারণ ওষুধ মনে করে ভুলবশত সেবন করে ফেলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিশেষজ্ঞরা ওষুধ ও বিষাক্ত দ্রব্য আলাদা এবং নিরাপদ স্থানে সংরক্ষণের জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।