নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যের মালুমফাশি এলাকার উঙ্গুওয়ান মানতাউয়ে মঙ্গলবার ভোর ৪টার দিকে ফজর নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ মুসল্লি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের কর্মকর্তা আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছেন। হামলার সময় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা দৌড়াদৌড়ি শুরু করলে বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় এ ধরনের সশস্ত্র হামলা সাম্প্রতিক বছরগুলোতে সাধারণ হয়ে উঠেছে। স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানি সংক্রান্ত বিরোধের কারণে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০-এর বেশি মানুষ নিহত হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে বেনু রাজ্যে রক্তপাত রোধের আহ্বান জানিয়েছে।
কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানান, মঙ্গলবারের হত্যাকাণ্ডের পর আরও হামলা রোধের জন্য উঙ্গুওয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সরকার পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে।