দেশজুড়ে হাম-এর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ চার জেলায় আরও ৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে।
চিকিৎসকদের মতে, সময়মতো টিকা না পাওয়াই শিশুদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ। তারা জানান, টিকা দেওয়ার ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, ফলে সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।
শিশু বিশেষজ্ঞরা আরও সতর্ক করে বলেছেন, জন্মের পর নির্ধারিত সময় অনুযায়ী টিকা না দিলে হাম থেকে নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বেড়ে যায়, যা অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে।
সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ জন এবং কক্সবাজারে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকাসহ দেশের ৮টি বিভাগে হামের উপসর্গ নিয়ে ৯৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি না করা হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।