আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৭ জন শিশু ও কিশোর রয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় প্রদেশের গুজারা শহরে একটি যাত্রীবাহী বাস, একটি জ্বালানিবাহী ট্রাক ও একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি।
হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ইরান থেকে কাবুলের দিকে যাচ্ছিল এবং এতে থাকা যাত্রীরা সবাই আফগান নাগরিক ছিলেন। অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান।
প্রথমে দ্রুতগামী বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। কিছুক্ষণ পর বাসটি একটি জ্বালানিবাহী ট্রাককে ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বহু মানুষ নিহত হন। সাঈদীর তথ্যমতে, নিহতদের মধ্যে চারজন মোটরসাইকেল ও ট্রাকের চালক-সহকারী, বাকি ৬৭ জন বাসের যাত্রী। এ দুর্ঘটনা থেকে মাত্র তিনজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।
উল্লেখ্য, গত শতকের আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত সামরিক অভিযানের সময় বহু নাগরিক ইরানে আশ্রয় নিয়েছিলেন। চলতি বছরের শুরুতে ইরান সরকার শরণার্থীদের দেশে ফেরার নির্দেশ দিলে জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ৬০ হাজার আফগান নাগরিক স্বদেশে ফিরে এসেছেন। দুর্ঘটনায় নিহত বাসযাত্রীরাও ইরান থেকে ফেরত আসা শরণার্থী ছিলেন।
আফগানিস্তানে খারাপ সড়ক অবকাঠামো, দুর্গম পাহাড়ি পথ এবং চালকদের অসতর্কতার কারণে প্রায়ই বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত ডিসেম্বরে এক জ্বালানিবাহী ট্যাংকার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।