কক্সবাজারের টেকনাফ এলাকায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে নারীসহ ১৩ জনকে উদ্ধার করেছে র্যাব-১৫।
বুধবার (১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক।
উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সদর দক্ষিণ লম্বরী এলাকায় একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন নারী-পুরুষকে একটি বাড়িতে আটকে রেখেছে। তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানো এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।
এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই বাড়ি থেকে ১৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিরা হলেন— মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) ও মো. সাইফুল ইসলাম (২৪)। তারা সবাই টেকনাফ থানার বাসিন্দা বলে জানা গেছে।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃতদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এ ঘটনায় টেকনাফ মডেল থানা-তে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।