দেশজুড়ে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে ইউনিসেফ থেকে টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে তা দ্রুত দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে।
তিনি আরও জানান, হামের সংক্রমণ বেশি যেসব এলাকায় ছড়িয়েছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করা হবে। এই কর্মসূচি বাস্তবায়নে সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত ভেন্টিলেটর ও শয্যার ব্যবস্থা রাখা হয়েছে এবং টিকাদান কার্যক্রম সফল করতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই কর্মসূচির আওতায় টিকা পাবে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া গাভি থেকে প্রায় ২১.৯ মিলিয়ন ডোজ টিকা ধার নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। পরে তা ক্রয়ের মাধ্যমে পরিশোধ করা হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা গেলে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।