রাজধানীর দিয়াবাড়ি কোরবানির হাটে জাল নোটে প্রতারিত হয়ে দেশজুড়ে আলোচনায় আসা নাটোরের সিংড়ার বৃদ্ধ রইস উদ্দিনের পাশে দাঁড়ালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে তিনি রইস উদ্দিনের গ্রামের বাড়ি পাকুরিয়ায় যান।
অপু বিশ্বাস তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ সফরের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, রইস উদ্দিন স্বতঃস্ফূর্তভাবে তাকে বাড়িতে স্বাগত জানাচ্ছেন, আর আশপাশের মানুষ প্রিয় নায়িকাকে দেখতে ভিড় করছেন। লাইভের ক্যাপশনে অপু লেখেন— “রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।”
উল্লেখ্য, গত কোরবানির ঈদে নিজে লালন-পালন করা গরু বিক্রি করতে গিয়ে জাল নোটের শিকার হন রইস উদ্দিন। ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজারই ছিল জাল। কান্নাভেজা সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে সহানুভূতির ঝড় ওঠে।
পরবর্তীতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন তাকে ৫০ হাজার টাকা সহায়তা দেয়। পাশাপাশি অপু বিশ্বাস মানবিক উদ্যোগে তার ওমরাহ পালনের খরচ বহন করেন। গত ২৫ জুলাই রইস উদ্দিন সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে দেশে ফেরেন।
দেশে ফিরে তিনি কৃতজ্ঞতা জানিয়ে অপু বিশ্বাসকে গ্রামে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণেই মঙ্গলবার রইস উদ্দিনের বাড়িতে হাজির হন এই জনপ্রিয় চিত্রনায়িকা।