চাঁদপুরের মতলব দক্ষিণে প্রবাসী যুবক মেহেদী হাসান অনন্তের বিরুদ্ধে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটুক্তি করার পর স্থানীয় জনতা তার বসতঘরে আগুন ধরিয়েছে। ঘটনা ঘটে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে খাদেরগাঁও ইউনিয়নের উত্তর নাগদা বকাউল এলাকায়।
স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
মেহেদী হাসান অনন্ত ২০২২ সালের অক্টোবরে স্টুডেন্ট ভিসায় বেলজিয়ামে গেছেন এবং সেখানে বিয়ে করে দেশটির নাগরিকত্ব নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৭ আগস্ট) তিনি তার ফেসবুক আইডিতে মহানবীকে কটুক্তিমূলক স্ট্যাটাস দেন। এটি দেখে ইসলাম প্রিয় তৌহিদী জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
এর প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় নাগদা আল ইকরা নূরানী ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে খাদেরগাঁও ইউনিয়ন ইমাম উলামা ঐক্য পরিষদের নেতা ও স্থানীয় ধর্মগুরু বক্তব্য রাখেন।
মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ জানান, মানববন্ধন সম্পর্কিত তথ্য তারা জানতেন, কিন্তু পরে বিক্ষুব্ধ জনতা মেহেদীর বাড়িতে আগুন দেয়। প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে আইনের আওতায় আনা হবে। তবে আগুন দিয়ে ঘর ভাঙা ও ধ্বংস করা কখনও গ্রহণযোগ্য নয়। তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান।