রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পরিবহন চালক ও মালিকদের।
ভোর থেকে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন পাম্পগুলোতে ভিড় করে। এতে সড়কের একাংশজুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে।
পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকার ডিপো থেকে দুপুরের পর তেল সরবরাহ আসার কথা রয়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না।
এদিকে, জ্বালানি তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় অনেকেই অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন বলে জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। এতে করে সংকট আরও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে পরিবহন খাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।