মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন প্রাণ হারিয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন যাত্রীরা। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হান্নান মিয়া (৩৫), তার বাড়ি উপজেলার উত্তর বাড়াউরা গ্রামে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, নিহতদের মরদেহ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।