বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানকে ঘিরে ফের উঠল নতুন বিতর্ক। তাঁর ভাই ফয়সল খান দাবি করেছেন, এক ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইন্সের সঙ্গে নাকি আমিরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শুধু তাই নয়, এই সম্পর্ক থেকে এক সন্তানের জন্ম হয়েছে বলেও ফয়সল অভিযোগ তুলেছেন।
ফয়সলের দাবি, রীনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই জেসিকা হাইন্সের সঙ্গে আমিরের সম্পর্ক গভীর হয়ে ওঠে। পাশাপাশি কিরণ রাওয়ের সঙ্গেও তখন একত্রবাস করছিলেন আমির। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
২০০৫ সালে স্টারডাস্ট ম্যাগাজিনে প্রথম প্রকাশ্যে আসে এই গুঞ্জন। সেখানে উল্লেখ ছিল, জেসিকা হাইন্সের সঙ্গে আমিরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তাঁদের একটি সন্তানও আছে। তবে সে সময় আমির এই অভিযোগ অস্বীকার করেছিলেন।
ফয়সল আরও জানান, ‘গুলাম’ ছবির শ্যুটিং চলাকালে জেসিকার সঙ্গে আমিরের লিভ-ইন সম্পর্ক ছিল। জেসিকা গর্ভবতী হলে আমির নাকি গর্ভপাতের পরামর্শ দেন, কিন্তু জেসিকা সন্তান জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় ‘জান’। ২০১২ সালে বিখ্যাত ভগ ম্যাগাজিনে জানের ছবি প্রকাশিত হয়, যা নিয়ে তখন বেশ চর্চা হয়।
জেসিকা হাইন্স অমিতাভ বচ্চনের জীবনী লুকিং ফর দ্য বিগ বি গ্রন্থের লেখিকা হিসেবেও পরিচিত। সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর ছেলে জানের ছবি ভাইরাল হয়েছে, যেখানে অনেকের মতে তার চেহারায় আমির খানের ছায়া পাওয়া যায়।
ফয়সল খান জানান, তিনি নিজেও পরিবারের কাছে চিঠি লিখে বিষয়টি জানিয়েছিলেন। তবে পরিবার তাঁর অভিযোগকে আমলে নেয়নি। পারিবারিক চাপ, একাধিক বিয়ের প্রসঙ্গ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ফয়সল।