মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরাম। বিজাতীয় অপসংস্কৃতির ভিড়ে প্রবাসে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে আয়োজিত ‘প্রবাস বিনোদন-২৮ তম পর্বের এই অনুষ্ঠানটি প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
গত বৃহস্পতিবার রাত ৯টায় রিয়াদের এক্সিট-২৮ স্থিত আল পাখা মা কমিউনিটি সেন্টারে এই জমকালো অনুষ্ঠানটি সম্পন্ন হয়।আলোচনা সভা ও বিশেষ অতিথি এনটিভি দর্শক ফোরামের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলী হাসান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ সানসিটি মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আমিয়াল গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া।
এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফারুক আহমেদ চান। তিনি শিল্পী, দর্শক এবং বিজ্ঞাপনদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, প্রবাসীদের নির্মল বিনোদন দিতে এই ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আশরাফ উদ্দিন শাহিন, রাসেল আহমেদ, বেলাল হোসেন, ফারুক হোসেন পাটোয়ারী, ফিরোজ আহমেদ নয়ন, এনটিভি দর্শক ফোরাম রিয়াদ মহানগর সভাপতি ইনভেস্টর স্বপন হাওলাদার এবং লক্ষ্মীপুর আলিফ মিম হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমির হোসেন প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা ও কৌতুক পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের সার্বিক কারিগরি সহযোগিতায় ছিল বাংলাদেশ থিয়েটার, রিয়াদ।
অনুষ্ঠানে মহান স্বাধীনতার সকল শহীদ এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পৃষ্ঠপোষক ও দর্শক উপস্থিতি অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ও স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে— বাথা সানসিটি মেডিকেল সেন্টার, সকার ফিটনেস, আমিয়াল গ্রুপ, রাসেল ট্রাভেলস অ্যান্ড রেস্টুরেন্ট, বি অ্যান্ড এল গ্লোবাল কোম্পানি, ফাইজা অ্যান্ড মারওয়া কোম্পানি লিমিটেড, এ কে রিয়াদ পার্ক, পারফেক্ট গ্লোবাল কোম্পানি লিমিটেড (পিজিসি), আল সাবা ফুড স্টোর, নূর কিমাম ফর ট্রেডিং কোম্পানি এবং বাথা ইয়াসমিন রেস্টুরেন্ট। রিয়াদে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীরা সপরিবারে এই মনোজ্ঞ অনুষ্ঠানটি উপভোগ করেন।