মালয়েশিয়ার উত্তর-দক্ষিণ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার আট বছর বয়সী কন্যা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার বিকেল প্রায় ৫টার দিকে টাংকাক এলাকার কাছে মহাসড়কের ১৫৫.৮ কিলোমিটার দক্ষিণমুখী অংশে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাল্টি-পারপাস ভেহিকল (এমপিভি) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গার্ডরেইলে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের আসনে থাকা ৪৬ বছর বয়সী সুফাত আইনি মাথা ও শরীরে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
গাড়িটি চালাচ্ছিলেন নিহতের স্ত্রী। তিনি দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও ঘটনাটির সময় গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পিছনের আসনে থাকা দম্পতির ৮ বছর বয়সী মেয়ে শরীর ও মুখে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত হাসপাতাল পাকর সুলতানাহ ফাতিমাহ এ ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে গাড়ির ভেতর আটকে পড়া নিহত ব্যক্তিকে বের করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।