পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।
প্রায় ৪০ দিনের ছুটি গত বৃহস্পতিবার (২৭ মার্চ) শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকেই শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে।
সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিল।
অন্যদিকে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে গত ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোয় ঈদের ছুটি কার্যকর করা হয়েছিল।
ছুটি শেষে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।
এদিকে, রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ছুটি শেষে টানা ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে। এর অংশ হিসেবে আগামী ৪ এপ্রিল, শনিবারও সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ক্লাস অনুষ্ঠিত হবে।