জুলাই হত্যাকাণ্ড মামলার আসামিদের জামিনকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভ করেছেন শহিদ পরিবারের সদস্য ও আহতরা। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর থেকে জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়সহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আসামিরা অর্থের বিনিময়ে জামিন পাচ্ছে এবং সরকার এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। একপর্যায়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
শহিদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন বলেন, “এক বছর ধরে বিচার চাইছি, কিন্তু এখনো প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাইনি। আইন মন্ত্রণালয়ের কাছে আশ্রয় নিয়েও আমরা প্রতারিত হয়েছি।” আহত আমিনুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “আবার রাস্তায় নামতে হলে পরিণতি ভালো হবে না।”
অন্যদিকে, পদত্যাগের দাবির প্রেক্ষিতে বিকেল সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি লিখেছেন, “জুলাই হত্যাকাণ্ডের মামলায় হাইকোর্ট একজন আসামিকে জামিন দিয়েছে। এতে স্বজনদের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। তবে এ সিদ্ধান্তের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও উল্লেখ করেন, হাইকোর্ট স্বাধীন উচ্চ আদালত, যা আইন মন্ত্রণালয়ের অধীনে নয়। পাশাপাশি তিনি জানান, জামিনাদেশের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের অফিস ইতোমধ্যে আপিল করেছে। আগামীকাল এ বিষয়ে শুনানি হতে পারে এবং জামিন বাতিল হলে আসামিকে গ্রেপ্তার করা হবে।