ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে। বৃহস্পতিবার গভীর রাতে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাঠানো এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছায়।
ডিপোর দায়িত্বশীল কর্মকর্তা মো. জীবন জানান, পাইপলাইনে ডিজেলটি আসতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে। পরে শুক্রবার সকালে এই জ্বালানি পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে সরবরাহ করা হয়েছে।
উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলাগুলোতে সেচ কার্যক্রম সচল রাখা এবং ডিজেলচালিত যানবাহনের জ্বালানি চাহিদা মেটাতে এই পাইপলাইন প্রকল্প চালু করা হয়। এ লক্ষ্যে ২০১৭ সালের ২২ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে। এর অংশ হিসেবে ইতোমধ্যে একাধিক চালানে ডিজেল সরবরাহ করা হয়েছে। মার্চ মাসে এর আগে ৫ হাজার মেট্রিক টন জ্বালানি এসেছে এবং সর্বশেষ চালানটি শুক্রবার দেশে পৌঁছেছে। আগামী সপ্তাহেও একই পরিমাণ ডিজেল আসার কথা রয়েছে।
এদিকে, আগামী চার মাসের মধ্যে এই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত প্রায় ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যা বর্তমানে জ্বালানি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।