গাইবান্ধার একটি থানায় ঢুকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে, এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ অন্তত ৮ জন সদস্য আহত হয়েছেন। বুধবার রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, যুব জামায়াতের সঙ্গে সম্পৃক্ত মাহমুদুল হাসান পলাশ কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি অভিযোগের বিষয়ে থানায় যান। একটি দোকান বন্ধের দাবি ঘিরে ওসির সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পলাশ ও তার সঙ্গীরা পুলিশের ওপর হামলা চালান। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে তারাও হামলার শিকার হন।
এ ঘটনায় নারী সদস্যসহ মোট ৮ জন পুলিশ আহত হন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের এক চিকিৎসক জানান, কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর কয়েকজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই জড়িত থাকার সন্দেহে তৌহিদুল ইসলাম নামে এক স্থানীয় গণমাধ্যমকর্মীকে আটক করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে শনাক্তের চেষ্টা
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। জেলা পুলিশ সুপার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, জামায়াতের স্থানীয় নেতারা দাবি করেছেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হোক, তবে নিরপরাধ কাউকে যেন হয়রানি না করা হয়।