গাংনী উপজেলা-এর গোপালনগর গ্রামে অবস্থিত একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডার জেরে উপজেলা বিএনপি নেতাকে গণপিটুনির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে তিনি মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে গিয়ে এ ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালনগরের রুপক ফিলিং স্টেশনে তেল নিতে গেলে কয়েকজন যুবক ও স্টেশনের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা আব্দুল ওহাব বুলবুলকে মারধর শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু সময় ধরে তাকে কিল-ঘুষি মারতে থাকে অভিযুক্তরা। ঘটনাস্থলে তখন কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না।
পরে আহত অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে গাংনী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।