ফ্রান্সের সাম্প্রতিক পৌর নির্বাচনে কাউন্সিলর পদে জয়লাভ করেছেন চার বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। গত রোববার (২২ মার্চ) দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে তাঁদের এই বিজয় নিশ্চিত হয়। ফরাসি মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান অংশগ্রহণ ও প্রভাবের ক্ষেত্রে এই সাফল্যকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
নির্বাচিতরা হলেন,নাহিদুল ইসলাম (সাঁ-দেনি), কৌশিক রাব্বানী খান (স্তাঁ), ফাহিম মোহাম্মদ (ক্রেতেই) এবং জুবায়েদ আহমেদ (ইভ্রি-সুর-সেন)।
নাহিদুল ইসলাম,বামপন্থী রাজনৈতিক দল ‘লা ফ্রান্স ইনসুমিজ’ (LFI) সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাঁ-দেনি শহর থেকে জয়ী হয়েছেন। তাঁর এই বিজয় স্থানীয় কমিউনিটিতে নতুন আশার সঞ্চার করেছে।
কৌশিক রাব্বানী খান,স্তাঁ শহর থেকে তিনি পুনরায় নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও কমিউনিটির সাথে নিবিড় সম্পৃক্ততার কারণেই ভোটাররা আবারও তার ওপর আস্থা রেখেছেন।
ফাহিম মোহাম্মদ,ক্রেতেই শহর থেকে সোশ্যালিস্ট পার্টির প্যানেলে নির্বাচিত হয়েছেন ২৫ বছর বয়সী এই তরুণ। শৈশবের প্রতিকূলতা জয় করা ফাহিম একজন তুখোড় দাবাড়ু এবং বর্তমানে পেশাগত জীবনে ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কর্মরত।
জুবায়েদ আহমেদ, ইভ্রি-সুর-সেন শহর থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ক্রিকেটার জুবায়েদ। তিনি বামঘেঁষা ‘ফ্রন্ট পপুলার’ জোটের হয়ে নির্বাচনে লড়েছেন।
এবারের নির্বাচনে আরও কয়েকজন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করলেও এখন পর্যন্ত আর কারও বিজয়ের খবর পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সাফল্য ফ্রান্সে বাংলাদেশিদের সামাজিক ও রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ, যা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বড় শহরগুলোতে বামপন্থিরা আধিপত্য বজায় রাখলেও কিছু অঞ্চলে ডানপন্থি ও কট্টর ডানপন্থিদের অগ্রগতি লক্ষ্য করা গেছে, যা দেশটির রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।