ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
মহিপাল হাইওয়ে থানার পুলিশ জানায়, সড়কের একটি লেনে সংস্কারকাজ চলায় ওই এলাকায় যান চলাচল ধীরগতির ছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরে অতিক্রম করার সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।
ঘটনার পরপরই ওই স্থানে যানজট তৈরি হয়। এর মধ্যে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের আরেকটি বাস জটলার মধ্যে ঢুকে পড়ে। এতে বাস, অ্যাম্বুলেন্স ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং এক যাত্রী নিহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।