হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঈদুল ফিতরের নামাজ শেষে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের এক কলেজছাত্রীর ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঈদের নামাজ শেষে বিষয়টি নিয়ে বিরোধ চরমে পৌঁছালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় শান্তি বিরাজ করছে।