বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং নিপীড়িত মানুষের মুক্তি কামনায় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দেশটির বিভিন্ন শহরে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে একাধিক ঈদের জামাতে নামাজ আদায় করা হয়।
ঈদকে ঘিরে রাজধানী প্যারিস ও আশপাশের এলাকাজুড়ে সকাল থেকেই তৈরি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
অভারভিলা বাংলাদেশি জাতীয় মসজিদ, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার, লা কুরনিভ, সাঁ-দনিসসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল নামে। সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে একাধিক জামাতে নামাজ পড়েন মুসল্লীরা।
প্যারিসে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় স্তাঁর বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে। বিপুল সংখ্যক মুসল্লীদের উপস্থিতির কারণে সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট পরপর মোট পাঁচটি জামাতের আয়োজন করা হয়, যা প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় রূপ নেয়।
অন্যদিকে, ঐতিহ্যবাহী গ্রঁদ মসকে দ্য প্যারিসে সকাল ৮টা ও ৮টা ৪৫ মিনিটে দুটি বড় জামাত অনুষ্ঠিত হয়। এতে প্যারিস ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। একই সঙ্গে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তুলতে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর উদ্যোগে পার্ক দ্য লা ভিলেতে আয়োজন করা হয়েছে ‘ঈদ ফেস্টিভ্যাল, প্যারিস-২০২৬। পাশাপাশি প্লাস দ্য ফেত ও বাস্তিল চত্বরসহ বিভিন্ন স্থানে বসেছে ঈদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
তবে ফ্রান্সে ঈদ উপলক্ষে সরকারি ছুটি না থাকায় অনেক প্রবাসীকে নামাজ শেষে দ্রুত কর্মস্থলে ফিরে যেতে দেখা গেছে। কর্মব্যস্ততার মাঝেও প্রবাসীদের মাঝে ঈদের আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ছিল স্পষ্ট।