খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে একই পরিবারের চার সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে লবণচরা ইউনিয়নের একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং পুত্রবধূ ফাহিমা। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের মতে, রঞ্জুয়ারা বেগম ও ফাহিমার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে। বিশেষ করে ফাহিমার সাবেক স্বামী ইমরানের সঙ্গে পূর্বের দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে।
ঘটনার পর হামলাকারীদের ধরতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনা মহানগর পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে।