রাজবাড়ীর কালুখালী উপজেলায় রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কালিকাপুর রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী একটি লোকাল ট্রেন কালিকাপুর ব্রিজের কাছে পৌঁছালে ছাদে থাকা ওই যুবক ব্রিজে সজোরে ধাক্কা খান। এতে তিনি ট্রেনের ছাদের ওপরই গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন।
পরে ট্রেনটি কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে ছাদের ওপর মরদেহটি দেখতে পান রেলকর্মীরা। স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে স্টেশনে নামানো হয়।
কালুখালী জংশনের সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে ঢোকার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) লিটন জানান, ব্রিজে ধাক্কা লেগেই যুবকটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।