রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের ঘটনায় রিকশা থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
নিহত মুক্তা আক্তার (২১) দক্ষিণখান ফায়দাবাদ এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে একাধিক হাসপাতালে স্থানান্তরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকালে ঈদের কেনাকাটার উদ্দেশ্যে ব্যাটারিচালিত রিকশায় মিরপুর পল্লবীর দিকে যাচ্ছিলেন তার স্ত্রী। পথে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টান দিলে তিনি রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।
স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে টঙ্গীর আহসানউল্লাহ মেডিকেল এবং সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে। তার বাবা আব্দুল জলিল। দুই বছর আগে লিমন হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তুরাগ থানা পুলিশ তদন্ত শুরু করেছে।