ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, গত রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।
বুধবার (১৮ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইসমাইল খতিব ২০২১ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হাত ধরে গোয়েন্দা মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব পালনকালে তিনি গোয়েন্দা মন্ত্রণালয় এবং সর্বোচ্চ নেতার কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
ধর্মীয় শিক্ষার দিক থেকেও তিনি প্রভাবশালী ছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বদের অধীনে ইসলামি আইনশাস্ত্রে পড়াশোনা করেন তিনি।
এর আগে, ২০২২ সালে যুক্তরাষ্ট্র খতিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। অভিযোগ ছিল, তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সাইবার কার্যক্রমে জড়িত ছিলেন।
খতিবের রাজনৈতিক ও সামরিক জীবন শুরু হয় ১৯৮০ সালে, ইসলামি বিপ্লবের পরপরই, যখন তিনি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে (আইআরজিসি) যোগ দেন।