চলতি মার্চ মাসের প্রথম দুই সপ্তাহেই প্রবাসী বাংলাদেশিরা দেশে দুই বিলিয়নের বেশি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে মোট ২২০ কোটি ৪৪ লাখ ডলার।
প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ দেশীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার কোটি টাকার কাছাকাছি। এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মার্চের প্রথম ১৪ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৭ কোটি ২৪ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ২৮ লাখ ডলার। একই সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন সবচেয়ে বেশি অর্থ, যার পরিমাণ ১৫৫ কোটি ৪৫ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ডলার।
এর আগে ফেব্রুয়ারি মাসেও দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। ওই মাসে প্রবাসীরা মোট ৩০২ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন, যা দেশীয় মুদ্রায় ৩৬ হাজার কোটিরও বেশি টাকার সমান।