জীবননগর উপজেলা-এ ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা করার সময় দুই ভুয়া সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের আরও চার সহযোগী পালিয়ে যায়।
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়ন-এর পীচমোড় চিংড়িখালী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন— কোটচাঁদপুর উপজেলা-এর বাজারপাড়া এলাকার রিজভী সালমান রহমান (২৯) এবং একই উপজেলার গাবতলাপাড়া গ্রামের আহাদ আলী (৩৫)।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে ডিবি পুলিশের পোশাক পরে কয়েকজন ব্যক্তি চিংড়িখালী সেতু এলাকায় এক নারীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে দুজন ধরা পড়েন। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। তবে তাদের সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে যেতে সক্ষম হন।
এ বিষয়ে জীবননগর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আটক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।