প্রথম জেলা সফরে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম জেলা সফর।
সোমবার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে দিনাজপুরের উদ্দেশে যাত্রা করেন। পরে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় যাবেন তিনি।
সেখানে সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ছয় মাসে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে। পরবর্তীতে পাঁচ বছরের মধ্যে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে তিনটার দিকে দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে নিজের নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তিনি।
পরে বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ইফতার ও দোয়া মাহফিলেও যোগ দেওয়ার কথা রয়েছে।
দিনাজপুরের কর্মসূচি শেষ করে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।