শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যা ৭টার পর থেকে ঢাকার বেশ কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও খবর পাওয়া গেছে।
রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকায় বাসিন্দারা শিলাবৃষ্টির দেখা পান। হঠাৎ এই বৃষ্টিতে আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে।
এর আগে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) জানিয়েছিল, দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগ এর কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রাতের দিকে বৃষ্টিবলয়টি সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের মধ্য দিয়ে প্রবেশ করবে এবং আগামী ১৮ মার্চ নাগাদ উপকূলীয় এলাকা দিয়ে দেশ অতিক্রম করতে পারে।
এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দফায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এর প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে, এই সময় দেশের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এ সময় উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে।
বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি কিছুটা বাড়তে পারে। তবে এই বৃষ্টিবলয়ের কারণে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে চৈত্র মাসের এই বৃষ্টিপাত কৃষি খাতের জন্য উপকারী হতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশ্লেষকরা। তাদের মতে, এই বৃষ্টির ফলে দেশের প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ এলাকার সেচের প্রয়োজনীয়তা পূরণ হতে পারে।
আকাশ মেঘলা থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকতে পারে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টি থেমে গেলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি জানিয়েছে, ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত এই বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে এবং ১৬ মার্চ পর্যন্ত এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।