মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-এর গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৫ আগস্ট)। এতে ভারতের ক্লাব এফসি গোয়া পড়েছে গ্রুপ ‘ডি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে সৌদি আরবের তারকাখচিত দল আল নাসর।
এই ড্রয়ের মধ্য দিয়ে ভারতীয় ফুটবল সমর্থকদের সামনে এসেছে বিরল এক সুযোগ। টুর্নামেন্টের হোম-অ্যাওয়ে নিয়মে আল নাসরকে একবার ভারতের মাঠে খেলতে আসতে হবে। ফলে গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো রোনালদোকে সরাসরি দেখার সম্ভাবনায় উচ্ছ্বসিত ফুটবলভক্তরা।
তবে রোনালদোর মাঠে নামা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। নিয়ম অনুযায়ী অ্যাওয়ে ম্যাচে কোনো খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে খেলানো হয় না। তাই এই সিদ্ধান্ত মূলত রোনালদোর ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করছে।
রোনালদো না খেললেও আল নাসরের স্কোয়াডে রয়েছেন সাদিও মানে, ফেলিক্স ও ইনিয়েগো মার্টিনেজের মতো বিশ্ব ফুটবলের তারকারা। তারাও গোয়ার মাঠে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এফসি গোয়ার সব হোম ম্যাচ অনুষ্ঠিত হবে ফতোর্দা স্টেডিয়ামে, যা ভারতীয় দর্শকদের জন্য বিশ্বমানের ফুটবল উপভোগের এক ঐতিহাসিক মঞ্চ হতে যাচ্ছে।