ইরান ইস্যু ও গাজা যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘদিনের কূটনৈতিক উত্তেজনার জেরে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করেছে স্পেন। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও শীতল হয়ে পড়েছে।
স্পেন সরকারের প্রকাশিত সরকারি গেজেটে জানানো হয়েছে, ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতের পদ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। আপাতত তেল আবিবে স্পেনের দূতাবাস একজন অস্থায়ী প্রতিনিধির নেতৃত্বে পরিচালিত হবে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকেই মাদ্রিদ ও তেল আবিবের সম্পর্ক ক্রমে তিক্ত হয়ে ওঠে। গত বছরের সেপ্টেম্বরে গাজা যুদ্ধে ব্যবহারের আশঙ্কায় ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী বিমান ও জাহাজকে স্পেনের আকাশসীমা ও বন্দর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্পেন। এই পদক্ষেপকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবিদ্বেষী বলে সমালোচনা করেন।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ওই সিদ্ধান্তের প্রতিবাদে ইসরায়েলও স্পেন থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। এরপর থেকে দুই দেশেই দূতাবাসগুলো অন্তর্বর্তী কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরোধিতা করায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী স্পেনের বিরুদ্ধে অভিযোগ করেন, যুদ্ধের বিরোধিতা করে দেশটি স্বৈরশাসকদের পক্ষে অবস্থান নিয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতিকে আরও স্পষ্ট করে তুলেছে।