সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় দুটি ড্রোন পড়ে যাওয়ার ঘটনায় এক বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন। তবে এই ঘটনার পরও বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ও ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় তিনজন সামান্য আহত হয়েছেন এবং একজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে দুইজন ঘানার নাগরিক ও একজন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন। এছাড়া একজন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়েছে।