চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি আবাসিক মাদরাসার দুই ছাত্রীর আকস্মিক মৃত্যু ঘটেছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া আবাসিক মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—২নং ওয়ার্ডের লেবুডাঙ্গা গ্রামের মো. তরিকুলের মেয়ে তানিয়া (১২) এবং ৯নং ওয়ার্ডের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা (১০)।
মাদরাসা ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের পর ১৩ জন ছাত্রী একসঙ্গে হলে ঘুমাচ্ছিল। রাত দেড়টার দিকে তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে বমি করতে থাকে। এসময় মাদরাসার দায়িত্বে থাকা শিক্ষিকা সাহিদা বেগম বিষয়টি স্থানীয় লোকজন ও পরিবারকে জানান। পরবর্তীতে রাত ৩টার দিকে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক প্রথমে জামিলাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর তানিয়াও মারা যায়।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে এলে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।