বাহরাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে মন্তব্য ও ভিডিও শেয়ার করার অভিযোগে বাংলাদেশিসহ ছয়জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশি এবং বাকি পাঁচজন পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
গ্রেপ্তার হওয়া বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর।
সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে বাহরাইন নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কিছু ভিডিও ধারণ, প্রকাশ ও পুনরায় শেয়ার করার ঘটনায় ওই ছয়জন এশীয় নাগরিককে শনাক্ত করা হয়। অভিযোগ রয়েছে, তারা সামাজিক মাধ্যমে এসব ভিডিওতে ইরানের পক্ষে সমর্থনমূলক বক্তব্য প্রকাশ করেছেন।
বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে থাকা অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট তাদের গ্রেপ্তার করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।