সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ দেশে আনা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহবাহী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরদেহ গ্রহণ করেন এবং পরে সেটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিলেট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনা শুরু হওয়ার পর বিভিন্ন দেশে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বাহরাইনে একজন, দুবাইয়ে একজন এবং সৌদি আরবে দুজন রয়েছেন। সরকার নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে বলে জানানো হয়েছে।
গত ১ মার্চ আজমান শহরে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হামলায় আহম্মেদ আলী নিহত হন। সেখানে তিনি ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) এলাকার বাসিন্দা ছিলেন। তার পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে, যেখানে পরিবারের সদস্য ও স্বজনরা শেষবারের মতো তাকে বিদায় জানাবেন।