রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে এক সিএনজি চালক কয়েকজন যাত্রী নিয়ে বাঘার দিকে যাচ্ছিলেন। পথে চন্ডিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতরা হলেন সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), লালপুর উপজেলার বধুপাড়া গ্রামের বাসিন্দা বিধান দাস (৫৫) এবং একই উপজেলার আন্দী গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।
দুর্ঘটনায় আহত হয়েছেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) এবং চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সকালে ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কম ছিল। সম্ভবত একে অপরকে ঠিকমতো দেখতে না পারায় এই দুর্ঘটনা ঘটে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক বলেন, লালপুর থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজির সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।