মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাগড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রোববার (৮ মার্চ) রাত ৯টা থেকে ১০টার মধ্যে ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় হারুন–মান্নান গ্রুপ ও মিজান গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অভিযান চালায় র্যাব-১০ এবং পুলিশ সদস্যরা। অভিযানের সময় হারুন, মান্নান ও মহসিন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লাইসেন্স করা দুটি আগ্নেয়াস্ত্র ও ব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর ভাগ্যকূল ক্যাম্পের কমান্ডার মো. আনোয়ার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গোলাগুলির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, স্থানীয়ভাবে প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।