মালয়েশিয়া সফরে গিয়ে চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “যদি বৈধ না হয় তাহলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না।” তিনি নিশ্চিত করবেন যেন নির্বাচন হয় গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও উপভোগ্য।
তিনি বলেন, “আমাদের অনেক কিছু সংস্কার করতে হবে, কারণ বর্তমান রাজনৈতিক ব্যবস্থা কারচুপি ও অপব্যবহারের শিকার।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও মন্তব্য করেন তিনি। ইউনূস জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে হাসিনাকে নিয়ে আলোচনা করেছেন। মোদিকে তিনি বলেন, “আপনি হাসিনাকে রাখতে পারেন, কিন্তু তার বিরুদ্ধে আমাদের বিচার চলবে। তবে তাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া যাবে না।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, পাকিস্তান ও চীনের সঙ্গে যেমন সুসম্পর্ক রয়েছে, তেমনি ভারতের সঙ্গেও তিনি ভালো সম্পর্ক চান। ভারত ও অন্যান্য দেশ চাইলে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে—সুযোগ সবার জন্য উন্মুক্ত।