পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ‘আজহার স্টুডেন্টস ফোরাম’ এক ইফতার মাহফিলের আয়োজন করেছে। গত রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাসের ‘মারকাজুজ তাদবির’ হলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাকিব মনিরুজ্জামান আজহরী এবং সঞ্চালনা করেন হুজায়ফা মামদূহ।ইফতারের প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মিশরের ঐতিহ্যবাহী প্রথা ‘মাদফা আল-ইফতার’ বা কামান দাগিয়ে ইফতারের ঘোষণা দেওয়া হয়। কামানের গম্ভীর ধ্বনিতে কায়রোর আকাশ-বাতাস মুখরিত হলে শিক্ষার্থীরা ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে খেজুরের মাধ্যমে ইফতার সম্পন্ন করেন।
এরপর খোলা আকাশের নিচে মাগরিবের সালাত আদায় শেষে মূল অনুষ্ঠান শুরু হয়।পবিত্র কুরআন তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের মিঠামইনের কৃতি সন্তান মাওলানা মাহমুদুল হাসান মিল্কি আল-আজহারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আফছারুল হোসাইন এবং মাওলানা রেজাউল ইসলাম আজহারী। সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন মাওলানা শরীফ সালাহউদ্দিন।
বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি আল-আজহারে আগমনের মূল লক্ষ্য অর্জনে ব্রতী হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সমাজ-বাস্তবতা উপলব্ধি এবং দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার ওপরও গুরুত্বারোপ করা হহয়।
ইফতার মাহফিলে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টিতে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীরা অংশ নেন। বিদেশের মাটিতে এ যেন এক টুকরো বাংলাদেশ-এমনই এক আনন্দঘন ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।