জনপ্রিয় সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) এবার চালু করেছে অভিনব এক ফিচার, যার মাধ্যমে যেকোনো ছবি থেকে মাত্র কয়েক সেকেন্ডে ভিডিও তৈরি করা যাবে। ইলন মাস্ক নিশ্চিত করেছেন, এই সুবিধা প্রথমে iOS ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হলেও শিগগিরই অ্যান্ড্রয়েড সংস্করণও আসছে।
কীভাবে কাজ করবে?
এক্স অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করার পর ফিডে থাকা কোনো ছবিতে কিছুক্ষণ চাপ দিলেই “Make video with Grok” অপশন দেখা যাবে। সেটি নির্বাচন করলেই ছবি সরাসরি গ্রোক অ্যাপে চলে যাবে এবং প্রায় ১৭ সেকেন্ডে ভিডিও তৈরি হবে। ব্যবহারকারী চাইলে ভিডিওতে চারটি ভিন্ন অডিও ট্র্যাকের যেকোনো একটি যুক্ত করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে শেয়ারও করতে পারবেন।
গ্রোক ইমাজিন সবার জন্য উন্মুক্ত
এই ফিচার এসেছে Grok Imagine সেবার আওতায়, যা সাময়িকভাবে সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে চালু রয়েছে। আগে ছবি ম্যানুয়ালি আপলোড করতে হলেও এখন পুরো প্রক্রিয়াই ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে, ফলে কনটেন্ট তৈরি হবে আরও দ্রুত ও সহজভাবে।
ব্যবহারের জন্য যা প্রয়োজন
- গ্রোক অ্যাপ ইনস্টল ও রেজিস্টার্ড অ্যাকাউন্টে লগইন
- এক্স অ্যাপ আপডেট (iOS-এ এখনই ব্যবহারযোগ্য, Android সংস্করণ শিগগিরই আসছে)
- সক্রিয় ইন্টারনেট সংযোগ ও পর্যাপ্ত স্টোরেজ স্পেস
সম্প্রতি গ্রোক অ্যাপে অটো ও এক্সপার্ট মোড যুক্ত হয়েছে, উন্নত করা হয়েছে PDF প্রোসেসিং। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন টেক্সট বা ছবি থেকে ৬ সেকেন্ডের ভিডিও তৈরি করার সুবিধাও পাচ্ছেন।