পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাবাহিনীতে রকেট ফোর্স কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই গুরুত্বপূর্ণ সামরিক উদ্যোগের ঘোষণা আসে।
সরকারি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই বিশেষ ফোর্স শত্রুপক্ষকে “সব দিক থেকে” আঘাত হানতে সক্ষম হবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ সংক্রান্ত খবর প্রকাশ করে টিআরটি ওয়ার্ল্ড।
ইসলামাবাদে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শেহবাজ শরিফ বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে এই নতুন কমান্ড প্রতিষ্ঠা একটি বড় মাইলফলক। তিনি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সব দলকে ‘চার্টার অব স্টেবিলিটি’-তে যুক্ত হওয়ার আহ্বান জানান, যা তার ভাষায় কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং জাতীয় স্বার্থে সমন্বিত একটি কাঠামো।
ভারতের সঙ্গে অতীত সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, নয়াদিল্লি বিনা উসকানিতে মিথ্যা অজুহাতে পাকিস্তানে হামলা চালায়। এর জবাবে পাকিস্তানি সেনাবাহিনী ভারতের কাছে “ঐতিহাসিক শিক্ষা” দিয়েছে বলে দাবি করেন তিনি। এ সময় সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির বাবর এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নবীদ আশরাফের প্রশংসা করেন।
শেহবাজ শরিফ বলেন, মাত্র চার দিনের অভিযানে ভারতের অহংকার ভেঙে গেছে। পাকিস্তানি সেনাদের বীরত্বের প্রশংসা করে তিনি মন্তব্য করেন— যে জাতি জীবন বাজি রাখতে প্রস্তুত, তাকে পরাজিত করা সম্ভব নয়।
এ ছাড়া সংঘাতকালে কূটনৈতিক সমর্থন দেওয়ার জন্য তিনি তুরস্ক, সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও আজারবাইজানসহ মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।