স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর সম্ভাব্য হামলার ক্ষেত্রে স্পেন তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ-এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, স্পেনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং দেশটির সঙ্গে আর কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন রাখতে চান না যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। একই প্রসঙ্গে যুক্তরাজ্যের ভূমিকাও সমালোচনা করেন ট্রাম্প।
ওয়াশিংটনের এ ঘোষণার জবাবে মাদ্রিদের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। স্পেন সরকার বলেছে, যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন এবং ইউরোপীয় সংঘের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিগুলো মেনে চলতে হবে। তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করলে তা মোকাবিলার জন্য স্পেনের প্রয়োজনীয় সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে। দেশটি যে কোনো অর্থনৈতিক চাপ সামাল দিতে প্রস্তুত বলেও স্পষ্ট করেছে।
সূত্র: আল জাজিরা