দুই বাংলার সিনেমায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়শৈলী, সৌন্দর্য ও চরিত্র বাছাইয়ের বিচক্ষণতায় তিনি এখন শুধু নন্দিত নন, বরং এক ধরনের আইকনে পরিণত হয়েছেন। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন এ অভিনেত্রী। তবে সেই গোপনীয়তা ভেঙে এবার প্রকাশ্যে আনলেন নিজের প্রেমের গল্প। এক সাক্ষাৎকারে জয়া জানিয়েছেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
জয়ার এই স্বীকারোক্তিতে বেশ আলোচনা শুরু হয়েছে শোবিজ অঙ্গনে। কার সঙ্গে প্রেম করছেন জয়া, কবে বিয়ে করছেন, এমন বহুমুখী প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনেও। তবে প্রেমের কথা স্বীকার করলেও প্রেমিকের নাম প্রকাশ করেননি জয়া। এমনকি বিয়ের বিষয়েও নির্দিষ্ট করে কিছু বলেননি।

সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসানের দুটি সিনেমা—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। দুই সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সে ধারাবাহিকতায় ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের ওপর আলো ফেলেন জয়া। কারো সঙ্গে সম্পর্কে আছেন কি না, এমন প্রশ্নের উত্তরে জয়ার সোজাসাপটা উত্তর, ‘হ্যাঁ, আমার জীবনেও কেউ আছে। মানুষ তো একা থাকতে পারে না। আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি। অবশ্যই সেটা বহু বছর। তবে উনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন।
বিশেষ মানুষকে বিয়ে করবেন কি না, এমন প্রশ্নের উত্তরে ইনডালজ এক্সপ্রেসকে জয়া বলেন, এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ, বিয়ে করে একসঙ্গে থাকা—এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি বিয়ে নিয়ে সিদ্ধান্ত নিইনি।
এরপর সঞ্চালক জানতে চান, তাহলে কি আপনি বিয়ের জন্য তৈরি নন?’ জয়া বলেন, এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয়। আমার আসলে একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে।
জয়ার মতে, এই ভয় তার অতীত সম্পর্কের তিক্ততার জন্যও হতে পারে।
বর্তমানে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন জয়া। ঈদের ‘তাণ্ডব’, ‘উৎসব’-এর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুই সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’।
এ ছাড়া দুই বাংলায় বেশ কিছু কাজ হাতে রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।