পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
রোববার সকাল নাগাদ করাচির মাই কলাচি রোডে অবস্থিত দূতাবাসের সামনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ঘটনায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ছাড়া পাকিস্তানের স্কার্দু ও অন্যান্য এলাকায়ও শিয়া মুসলিমরা খামেনির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করে। করাচিতে নিহতদের মরদেহ সিভিল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কর্তৃপক্ষ অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রোববার সকালে খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।