আফগানিস্তানে পাকিস্তানের সামরিক অভিযানে তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দাভিত্তিক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট)-এর ইউরোপ শাখা। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় বলা হয়, পাকিস্তান বিমান বাহিনীর হামলায় কাবুলে এই ঘটনা ঘটে এবং এতে কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডারও প্রাণ হারান।
২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ার পর দ্বিতীয় দফায় ক্ষমতায় আসে তালেবান। এরপর হিবাতুল্লাহ আখুন্দজাদা সর্বোচ্চ নেতা হিসেবে রাষ্ট্র পরিচালনায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছিলেন এবং সরকারের নীতিনির্ধারণ মূলত তার নির্দেশনা অনুযায়ী চলত।
এর আগে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) দমনের অংশ হিসেবে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে সংক্ষিপ্ত বিমান অভিযান চালায় পাকিস্তান। ওই হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালায়, যদিও কাবুল তা অস্বীকার করে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় ২৬ ফেব্রুয়ারি রাতে ডুরান্ড লাইন সংলগ্ন খাইবার পাখতুনখোয়া সীমান্তে পাকিস্তানি সেনা চৌকিগুলো লক্ষ্য করে আফগান বাহিনী হামলা চালিয়েছে বলে আফগান গণমাধ্যম তোলো নিউজ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিৎরাতের নির্দেশে মধ্যরাত পর্যন্ত অভিযান চলে। এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত এবং কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়।
তবে পুরো ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি, ফলে পরিস্থিতি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।