জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন এক তরুণ।
মিরপুরে সনি সিনেমা হলের সামনে রোববার রাতে ঘটে এই ঘটনা।
মিরপুর মডেল থানার অফিসার ইন চার্জ সাজ্জাদ হোসেন বলেছেন, তাসকিনের নামে সিফাতুর রহমান সৌরভ নামে একজনের একটি অভিযোগ তারা পেয়েছেন।
“সনি সিনেমা হলের সামনে রোববার রাতে মারধর করেছেন বলে একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা আমরা তদন্ত করে দেখছি।”
অভিযোগের বিষয়ে কথা বলতে তাসকিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
তাসকিনের ছোট বেলার বন্ধু সিফাতুরের অভিযোগে বলা হয়েছে, তাকে ফোনে ডেকে নেন তাসকিন। পরে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আপাতত খেলার বাইরে আছেন তাসকিন। ৩০ বছর বয়সী এই পেসার সবশেষ দেশের হয়ে মাঠে নামেন গত ২৪ জুলাই।