নরসিংদীতে ৯ বছরের শিশু জুনাইদ হত্যা মামলায় আইনের সংঘাতে জড়িত এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক হওয়ার পর আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ জানায়, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা ২৫ মিনিটে নরসিংদী মডেল থানার বাগহাটা পশ্চিমপাড়া এলাকায় মোতালেব মিয়ার পরিত্যক্ত বাড়ির পূর্ব পাশে কামাল মিয়ার মালিকানাধীন একটি ডোবায় কচুরিপানার ওপর পড়ে থাকা অবস্থায় জুনাইদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে থানা পুলিশ ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় এবং বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় ৩০২/২০১/৩৪ ধারায় মামলা (নং-৩৮(২)২৬) দায়ের করা হয়েছে।
মামলার তদন্তে নেমে ডিবি নরসিংদীর একটি দল ও তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) পিন্টু কুমার চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে একই দিন রাত ১১টা ৫০ মিনিটে বাগহাটা এলাকা থেকে আশেক এলাহী ওরফে মেহেদী হাসান (১৬) নামে এক কিশোরকে আটক করা হয়।
পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুকের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে তাকে আইনের সংঘাতে জড়িত শিশু হিসেবে শনাক্ত করা হয়। আদালতে হাজির করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।