রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে পদ থেকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার বৃহস্পতিবার সংসদ সচিবালয় ও আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে এই নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক এক বক্তব্যে জুলাইকে নিয়ে মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী আচরণ করেছেন। এতে রাষ্ট্রপতির পদে বহাল থাকা নিয়ে সাংবিধানিক প্রশ্ন সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, শপথ ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নতুন রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধনের ব্যবস্থাও করার কথা বলা হয়েছে।
নোটিশ পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এতে সতর্ক করা হয়েছে।